Thursday, 22 December 2016

সেদিন এক ডাচ বন্ধুর বাড়ি নিমন্ত্রন ছিলো। অনেক রকম মাছ খাইয়েছে, বিভিন্ন পন্থায় রেঁধে, বেকড, গ্রিলড, কুকড, স্মোকড। যেমন মাছের স্বাদ, তেমন সস আর পরিবেশন। সবাই খুব আনন্দ করে খেয়েছি। বিশেষ করে মেঘের উচ্ছাস ছিলো দেখার মত। প্রায় প্রতি সপ্তাহান্তে এদিক ওদিক নিমন্ত্রনে ভাল মন্দ খেয়ে খেয়ে এতোটাই অভ্যস্ত হয়ে গেছে সে, এগুলো যে বিশেষ কিছু তা আর সেভাবে অনুভবই করতে পারে না।

সেই অভ্যস্ত গলি থেকে বের হয়ে, কয়েকবার বললো, ওরা অনেক খেটেছে, হ্যাঁ না মা? কি ভাল রান্না আর কি সুন্দর পরিবেশন। আমাদের বাড়িতে যখন ওদের ডাকবে আমিও তোমাকে সাহায্য করবো, অনেক সুন্দর করে সব সাজাবো, ওকে মা?

পরদিন আমি ঘরে রান্না করার জন্যে প্লাইস মাছ বের করে তাতে লবন হলুদ মাখাচ্ছি।

মেঘ কি জন্যে জানি রান্নাঘরে এসেছিলো, দেখেই বললো, সব মাছ তুমি বাঙলা রাঁধো কেন মা?

আমি বললাম, সব মাছের আমি অন্য রান্না জানি না তাই।

মেঘ বললো, জানো না তো কি হয়েছে? ইউটিউব করে, গুগল করে শিখতে পারো না? এগুলো কি বাংলা মাছ যে বাংলা রাঁধো? বাংলা রাঁধলে আমাকে মাছ খাও, মাছ খাও বলবে না। তুমি জানো বাংলা মাছ আমার ভাল লাগে না।

আমি বললাম, তুমি তো শিখছো বাংলা মাছ খাওয়া।

মেঘ বললো, চিংড়ি, রুপচাঁদা, স্যামন, টুনা, শারদিল, পাঙ্গাশ ফিলেট, পোলাক, পালিং, হারিং আর ইলিশ ছাড়া অন্য বাংলা মাছ মজা নয় কিছু।

এর একটু পরেই কানাডা থেকে মণিকা আন্টি আর তারেক আঙ্কেল ফোন করেছিলো আমাদের। মণিকা যখন এই ঘটনা শুনলো, দারুন একটা যুক্তি দিলো। বললো, মাছ মানেই বাংলা। আমরা মাছে ভাতে বাঙালি, তাই সব মাছই বাংলা খাওয়া যায়। মণিকা তাৎক্ষনিক ভাবে দারুন যুক্তি দিয়ে কথা বলতে পারে। মেঘ অবশ্য চুপচাপ শুনে গেলো, কিছু জবাব না দিয়ে।

খাওয়া দাওয়া হয়ে গেলে পর যথারীতি একটু পড়াশোনা দেখাচ্ছি মেয়েকে। কথায় কথায় চাকরীর কথা আসলো। 

আমি বললাম, আমাকে তোর কাছে রেখে দিস, তুই সারাদিন অফিস করে ফিরে এলে, তোকে রাঁধতে হবে না, আমি রেঁধে তোদের খাওয়াবো। তোর আর তোর বাচ্চাদের জন্যে, রুই মাছ, কেঁচকী মাছ, পাবদা মাছ রাঁধবো।

মেঘের আর্ত চিৎকার, না, কিছুতেই না।

আমি হাসতে হাসতে শেষ গজালটা দিলাম, কিছুতেই না মানে কি? তুই বাংলা হলে তোর বাচ্চারা বাংলা হবে না?




আর আমার বাচ্চা যদি, কেঁচকি, রুই, পাবদা খেতে পারে, দেখিস, তোর বাচ্চাও পারবে।  ম্যা হু না :D

22-12-2016

Sunday, 18 December 2016

কুলে কিক্কার মেঘ

আমাদের দেশে স্কুলে ক্লাশে টীচার বলে, “কথা বলবে না, চুপ করে থাকো”
সে কথাটাই এখানের টীচাররা বলে, “দেখি কে কতক্ষণ ক্লাশে কথা না বলে চুপ থাকতে পারে”? যে সবচেয়ে বেশি সময় থাকতে পারবে তার জন্যে একটা উপহার আছে কিংবা সারপ্রাইজ আছে।


মেঘ যখন ক্লাশ ওয়ানে, তখন ওদের স্কুল থেকে শুরু করলো, যে ক্লাশে দুষ্টুমি করবে না, টিচারের কথা শুনবে, লক্ষী থাকবে, সে সপ্তাহ শেষে, ওদের ক্লাশের সফট টয় “কুলে কিক্কার”কে বাসায় নিয়ে এসে পুরো সপ্তাহান্ত রাখতে পারবে। সবুজ রঙের সে ব্যাঙ আকৃতির “কুলে কিক্কার” কে ঝুলিয়ে গর্বিত মুখে মেঘ যখন ডে কেয়ার থেকে বের হয়ে আসতো, মেঘের সাথে সাথে আমিও অনেক গর্বিত ও আনন্দিত হতাম। তবে শর্ত হলো, পুরো সপ্তাহান্ত মেঘ আর “কুলে কিক্কার” কি করলো সেটা আমাকে কুলে কিক্কারের সাথে পাঠানো ডায়রীতে লিখে পাঠাতে হবে। সোমবারে সকালে যখন ক্লাশ শুরুর আগে সবাই এক সাথে গোল হয়ে বসে যার যার সপ্তাহান্তের গল্প বলবে, তখন টিচার ডায়রী দেখে, জোরে জোরে মেঘ আর কুলে কিক্কারের সপ্তাহান্ত সবাইকে পড়ে শোনাবে। দিস ইজ দ্যা অনার।


প্রথম প্রথম আমারও ভাল লাগতো, লিখে পাঠাতে। এরপর দেখলাম এটা প্রায় একটা নিয়মিত রুটিনে পরিনত হয়ে গেছে। প্রায় প্রতি সপ্তাহের শেষ দিনে মেঘ কে ডে কেয়ারে আনতে যেয়ে, যেই বলতাম, যাও লকার থেকে তোমার জিনিস পত্র আনো, সে তার বানানো নানা খেলনা পাতি,  আঁকা ছবির সাথে সেই সবুজ রঙের কুলে কিক্কার কেও ঝুলিয়ে নিয়ে আসতে লাগলো। আমি বানিয়ে বানিয়ে ডায়রী লিখতে লিখতে ক্লান্ত। রেগে বলতাম, তুই আবার এটা পেয়েছিস! ক্লাশে সবচেয়ে বোকা হলি তুই। সব বাচ্চা দুষ্টুমী করতে পারে, তুই পারিস না? তোর সাহস নেই? মেঘ বুঝতে পারতো না, মা কেনো এতো রেগে যেতো কুলে কিক্কার দেখলে। সে তো গুড করেছে।


আজকে মেঘ ত্রয়োদশ শেষ করে চর্তুদশে পা দিলো। ছোট স্কুলের সেই লক্ষী কুলে কিক্কার সে এখন আর নেই। ভাল দুষ্ট হয়েছে। কথায় কথায় তর্ক, বায়না, কান্না বয়সের সব দোষ গুন বর্তমান। যদিও বাসায় এটা অনেক প্রবল, বাইরে সে অনেকটাই আগের কুলে কিক্কার রয়ে গেছে। দিদু, খালামনি, বান্ধবী, টিচারদের কাছে বড়ই আদুরে তিনি।


হ্যাপি বার্থ ডে, আমার কুলে কিক্কার। বাসায় বড় বড় চোখে জল এনে, মাকে যতই বলো, “আমাকে তুমি ভালবাস না, কিছু তুমি আমাকে আমার ইচ্ছে মত করতে দাও না।“  আমি জানি তুমি জানো, মায়ের জীবনের শ্রেষ্ঠ অর্জন তুমি। চির আয়ুষ্মতী হও। লাভিউ – লাভিউ লট।



Friday, 2 December 2016

গ্রন্থালোচনাঃ “জলদস্যুর কবলে জাহান মনি”

বাস্তব অভিজ্ঞতা নিয়ে লেখা বই, মুভি আমাকে বরাবরই খুব টানে। একটানে পড়ে শেষ করলাম জলদস্যুদের কবলে পরা বাংলাদেশের জাহাজ “জাহান মনি” র চীফ ইঞ্জিনিয়ার মতিউল মাওলা’র একশ পাঁচ দিনের বিভীষিকাময় অভিজ্ঞতা নিয়ে লেখা “জলদস্যুর কবলে জাহান মনি” – খুব সাদামাটা ভাষায় লেখা হলেও বিষয়ের গুনেই বইটি হাত থেকে নামাতে পারি নি আর বইটিও মাত্র চৌষট্টি পৃষ্ঠার।

এর আগে এ বিষয়ে ওপর একটা মুভি দেখেছিলাম ক্যাপ্টেন ফিলিপস। টম হ্যাঙ্কস অসাধারণ অভিনয় করেছিলেন ঐ সিনেমাটিতে। একাডেমি এওয়ার্ড ফর বেস্ট পিকচার নমিনেশান পেয়েছিলো সিনেমাটি। সেখানেও সোমালিয়ান দস্যুদের কবলে একটি এমেরিকান জাহাজের আক্রমনের ঘটনাই ছিলো। তবে তারা জাহাজটিকে ছেড়ে দিয়ে শুধু ক্যাপ্টেনকে নিয়ে যায় মুক্তিপনের জন্যে। আর এখানে পুরো জাহাজটিকে সোমালিয়া নিয়ে যাওয়া হয় এর ক্যাপ্টেন আর ক্রু সব সহ। আর এমেরিকারন সরকার বা মালিক পক্ষ তাদের নাগরিক বা কর্মচারীদের জন্যে যে কেয়ার করবেন সেটা তো বাংলাদেশ সরকার বা বাংলাদেশী মালিক পক্ষ থেকে আশা করা যায় না।

https://www.youtube.com/watch?v=AAZ0Su_iqYA

শেষে বাংলাদেশ সরকার আর জাহাজ মালিক কর্তৃপক্ষই তাদের উদ্ধার করেন। সে কারণেই হয়ত মতিউল মাওলা যতটা কম নেতিবাচক পেরেছেন তাদের সম্পর্কে ততটাই বলেছেন। নেহাত যতটুকু না বললেই নয়। আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এটিএন এর সাংবাদিক মুন্নী সাহাকে। এও জানিয়েছেন তাদের দুর্ভোগ নিয়ে রিপোর্ট করা নিয়ে মুন্নী সাহার ওপর বাংলাদেশ সরকার আর জাহাজ মালিক পক্ষের চাপ ছিলো। জন সম্মুখে ভাবমূর্তি যেনো ঠিক থাকে।

বইটি থেকে জানলাম, আরাকানের মগ ও পর্তুগিজ জলদস্যুর আক্রমনে একদিন উপকূলীয় এলাকা বিরান হয়ে গেছিলো। তাদের হটিয়ে, আগা বাকের খাঁ বসতি স্থাপন করেন বাকেরগঞ্জে। বাকের খাঁ ও তার স্ত্রী খনি বেগমের নামে এখন বাকরখানি রুটি প্রসিদ্ধ।

আরো জানলাম, ওমানের সালালাহ বন্দরে যেখানে জাহাজ জাহান মনি সোমালিয়া থেকে এসে নোঙর করে তার কাছেই নাকি সে জায়গাটা যেখানে ইউনুছ নবীকে মাছ তার পেট থেকে লাউ গাছের তলায় রেখে গিয়েছিলো, সেখানে তিনি ও তার স্ত্রী গিয়েছিলেন জাহান মনির মালিকের স্ত্রীর সাথে।

মতিউল মাওলা প্রচন্ড রকম ধার্মিক। পুরো বইতেই এই বিপদের দিনে তিনি বা পুরো জাহাজের সবাই কীভাবে আল্লাহর কাছে দিনরাত প্রার্থণা করেছেন তার বর্ননা আছে। সারা দিনরাত বন্দুকের নলের সামনে থাকলে সেই মানসিক অবস্থায় এটা খুব স্বাভাবিক বটেই। তবুও সে আমলে ওমানে লাউ গাছ ছিলো কিংবা এখনো সেখানে লাউ গাছ আছে, সে নিয়ে সংশয় প্রকাশ করছি। তবে সোমালিয়ানরা মুসলমান বলে তাদের ওপর কম অত্যাচার করেছে সেটা তিনি বারবার উল্লেখ করেছেন। ধর্ম কোথায় না কাজ করে! যেমন রাজনীতিতে ঠিক তেমন ডাকাতিতেও।

তবে এই জলদস্যুতা নিয়ে আন্তর্জাতিকভাবে যে কিছু সিন্ডিকেট আর ব্যবসা জমে গেছে সেটার ওপর তিনি অল্প সল্প আলোকপাত করেছেন। কোরিয়া, সিঙ্গাপুর, এমেরিকার, মাফিয়া- গড ফাদার-অনেকেই এতে জড়িত। জলদস্যুদের থেকে নিরাপত্তা দিতে কেউ কেউ আলাদা কোস্ট গার্ড সাপ্লাই করবেন পয়সার বিনিময়ে, কোন কোন ব্যাঙ্ক নগদ ডলার দেবেন, কেউ কেউ তেল, খাবার পানি সাপ্লাই করবেন ইত্যাদি ইত্যাদি। দিনের শেষে সকলই পয়সার খেলা, সকলই ব্যবসা। পেশাদার লেখক তিনি নন, খুব গুছিয়ে বিস্তারিত লিখতে তিনি পারেন নি, হয়ত সে উদ্দেশ্যও তার ছিল না। তার জীবনের সবচেয়ে ভয়ানক অংশটিকে সকলের সামনে তুলে ধরা হয়ত তার উদ্দেশ্য ছিলো। {এই ঘটনার ভয়াবহ একটা পরিনাম তার পরিবার ভোগ করেছে, তার স্ত্রী মাঞ্চু তার সাথে সে সময় জাহাজে ছিলেন, এবং এই যাত্রা থেকে ফিরে আসার কিছুদিন পরেই তার মৃত্যু হয়। অনেকেই মনে করেন, একশ পাঁচ দিনের এই ভয়াবহ টেনশান তার অকাল মৃত্যুর কারণ।} এই অংশ টুকু বই থেকে নয় ব্যক্তিগত সোর্স থেকে পাওয়া।

এই বছরই অক্ষয় কুমার অভিনীত একটি দূদার্ন্ত সিনেমা মুক্তি পায়,  ইরাকের কুয়েত আক্রমনের সময় সেখানে আটকে পরা ভারতীয়দের উদ্ধার করার সত্যি ঘটনা অবলম্বনে “এয়ারলিফট”। অনেক বাংলাদেশিও সে সময় সেখানে আটকে ছিলেন, পরে তাদেরকে সরকার কি ভাবে উদ্ধার করলো, তারা কিভাবে সেখানে সময় পার করলেন, সে সম্পর্কে বাংলাদেশে কেউ কিছু লিখেছেন কি না, জানতে ইচ্ছে করে।

বন্ধু সম দীপন একবার তার ব্যবসা নিয়ে হতাশা প্রকাশ করে বলেছিলো, বই বিক্রি এত কম। আমি তাকে বলেছিলাম, তার প্রকাশনার বইয়ের লিস্ট দিতে আর সাজেস্ট করতে পড়ার মত কি কি বই আছে। সে আমাকে বলেছিল, অনেক দেশ বিদেশ বেড়াও তুমি, এ বইটা পড়ে দেখতে পারো, তোমার ভাল লাগতে পারে।

বইটা আসলেই ভাল লেগেছে দীপন। অনেক দূরে যেখানেই থাকো, শুভেচ্ছা তোমাকে।
জাগৃতি প্রকাশনী

০২/১২/২০১৬



Sunday, 27 November 2016

ডাচ এডুকেশান - ১

ডাচ এডুকেশান সিস্টেম এর ভক্ত আমি অনেক দিন থেকেই। সামান্য কিছুটা পড়াশোনা নিজে করেছি। তারপর মেয়ে যখন এখানে স্কুলিং শুরু করলো, গভীর ভাবে তাদের স্কুলিং সাথে আমাদের স্কুলিং এর পার্থক্য দেখেছি আর দীর্ঘ নিঃশ্বাস ফেলেছি। জ্বর, শরীর খারাপ কিছুতেই বাচ্চাদের বাসায় রাখা যায় না, স্কুলে যেতে তারা এতোটাই পাগল, আমি কখনো জানতামই না স্কুল এতো আনন্দের জায়গা। এ সব দেখে ভেবেছি অনেক কিন্তু জানি আমাদের ঘা এমন জায়গায় পৌঁছে গেছে কিছুতেই কিছু আর হয়ত হবার নয়, তাই নীরব থেকেছি।

মেয়ে এখন হাই স্কুলে, পড়াশোনা’র প্রকৃতি পরিবর্তন হয়েছে স্বাভাবিকভাবে এর সাথে পরিবর্তন হচ্ছে মনো জগতও। বছরে কয়েকবার করে বাবা-মা দের জন্যে “তথ্যমূলক সন্ধ্যের” আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। এই বয়সের ছেলে মেয়ের মনো জগতে যে পরিবর্তন ঘটে, তাদের আচার আচরনে পরিবর্তন আসে, বাবা মা কি জানেন সেগুলো কী করে মোকাবিলা করতে হবে? শুধু পড়াশোনাই তো জীবন নয় এর বাইরেও তো তাদের বড় একটা জীবন আছে। নানা দিকে তাদের পদচারনা আছে, ভুল আছে, শুদ্ধ আছে, যার প্রভাব তাদের পড়াশোনা আর ভবিষ্যত জীবনের ওপপরতে পারে।

আমি এদের শিক্ষা ব্যবস্থা অবাক হয়ে দেখি। বাবা মা’কে কীভাবে প্রস্তূত করে সন্তানদের পরিবর্তিত মানসিক অবস্থা, বয়োসন্ধি, তাদের ভাল লাগা – মন্দ লাগা, তাদের সামাজিক অবস্থাকে সম্মান করে, তাদেরকে গুরুত্ব দিয়ে তাদেরকে সঠিক পথে রাখার জন্যে। কয়েকদিন আগে ছিলো এমনই একটি সন্ধ্যে “সোশ্যাল মিডিয়াতে তোমার সন্তান”। বাবা মা’কে বিশদ ভাবে জানালো হলো এই বয়সের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে অনেক ব্যস্ত থাকে এবং তারা কী কী করে। কী কী সমস্যায় তারা পরতে পারে। বাবা মায়েরা তাদের সন্তানদের কীভাবে সেখানে সাহায্য করতে পারে।

স্কুল থেকে থিয়েটার গ্রুপ ভাড়া করা হয়েছিলো, তারা প্রতিদিনের জীবনে বাবা মায়ের সাথে সন্তানদের মত বিরোধের বিভিন্ন পরিস্থিতি অভিনয়ের মাধ্যমে তৈরী করে তারপর এক এক বার এক এক জন বাবা মা’কে ডাকছিলো, তুমি এই পরিস্থিতি তে তোমার সন্তান কে কি বলবে? একজন বাবা মায়ের প্রতিক্রিয়ার পর অন্যদের জিজ্ঞেস করা হচ্ছিলো, তোমরা কি এদের সাথে একমত? অন্য কেউ যখন বলছিলো, না, আমি হলে এটা বলতাম, তখন তাকে স্টেজে ডাকা হচ্ছিলো, ঠিকাছে তুমি এটা বলো, দেখি তোমার সন্তান কীভাবে প্রতিক্রিয়া করে? উপস্থিত কলাকুশলীরা দর্শক সারি থেকে উঠে আসা বাবা মায়ের মন্তব্যের প্রেক্ষিতে বিভিন্ন বাস্তবধর্মী প্রতিক্রিয়া দেখাচ্ছিলো যা সাধারণত প্রায় প্রতিটি সংসারে প্রতি দিন ঘটে থাকে। কোন কথার বা আচরনের কী প্রতিক্রিয়া হতে পারে সন্তানের ওপর তার এমন হাতে কলমে শিক্ষা, না দেখলে কখনো ভাবতেই পারতাম না।


কোন দেশের সরকার তার শিক্ষা ব্যবস্থা, তার ভবিষ্যত নাগরিকদের প্রতি কী ধরনের যত্নবান হতে পারে, তার জন্যে কি কি ধরনের অভিনব ব্যবস্থা নিতে পারে তা নিজে অংশ গ্রহন না করলে হয়ত অনুধাবনই করতে পারতাম না। আমাদের দেশে কিছু ফুল নিজ গুনে, নিজ দায়িত্ব ফোটে। কিন্তু এখানে গুনে গুনে সার দিয়ে, পানি দিয়ে অনেক যত্ন করে ফুল ফোটানো হয়। কত কি এদের থেকে শেখার আছে, জানার আছে। সভ্যতা, ভদ্রতা কিংবা উন্নত রাষ্ট্র আর উন্নত জীবন ধারন কী টাকা পয়সা থাকলেই সম্ভব হয়? টাকাটা কোন খাতে খরচ করলে কি পাবো, কি জানবো সেটাও তো আমাদের জানতে হবে।

২৭-১১-২০১৬ 

Friday, 16 September 2016

যাপিত জীবনের গল্প



কাপড়ের আলমারীটা এলোমেলো, গোছানো হয়ে ওঠে নি অনেক দিন। গুলিস্তানের যানজটের মত ভয়ঙ্কর রুপ ধারন করে আছে। নিদারুন আলসেমি বাংলাদেশের সরকারী অফিসারদের মত দিন দিন আরো কুড়ে বানিয়ে দিচ্ছে। এমেরিকায় বসবাসকারীদের যেমন পৃথিবীর অন্যান্য সব দেশে বসবাসকারীদের প্রতি অবজ্ঞা কাজ করে ঠিক তেমনই নিজের প্রতি অবহেলা আমার চিরদিনের।

আমি ব্যস্ত, কাপড়ের সংখ্যাও মাংস ছিনিয়ে নিতে আসা কাকের মত মন্দ নয়।

মেঘ কাছে আসতেই বাংলাদেশ পুলিশের গলায় বললাম, জনগন, আমাকে একটু সাহায্য করো।

মেঘ পাশের বাসার লোভী খালাম্মার চোখ করে, এটা ওটা ভাঁজ করে দিতে দিতেই আবার দু একটা টপস ধরে বলছে, এটা আমার অনেক পছন্দ, আমি নিতে পারি মামাই?

আমি মধুবালা হাসি দিয়ে বললাম, নাও।

জোছনা ছড়ানো হাসিতে মুখ আলো করে, কাপড় হাতে নিয়েই আদুরে বেড়াল পায়ে নিজের ঘরের দিকে ছুট। যেনো এ ঘর থেকে ও ঘরে যেতে যেতে কিছুতেই ছিনতাই না হয়ে যায়।

মেঘ লম্বায় অনেকটাই আমাকে ধরে ফেলেছে, প্রায় ছুঁই ছুঁই। তখন ওর সাথে হাসলেও বুকটা খঁচ খঁচ করছিলো।

মায়ের ধনী জমিদারী ওয়ারড্রোবে ডাকু হাসিনার হাত আমিও দিয়েছি বহুবার, এমন কী এই, এইবারও। মায়ের শাড়ি ভাঁজ করতে গেলে কতবার বলেছি,  এই শাড়িটা বড় হয়ে আমি নেবো। এটা আর পরো না, আমাকে দিয়ে দাও। কামিজ গুলো নিতান্ত সাইজের কারণে দুটো নিলে দুটো ছেড়ে দিয়েছি। গয়না, দুল, চুড়ি, পারফিউম কী নেই নি বা আজও নিয়ে যাচ্ছি

আমি তো এখনো সেই সময়েই আটকে আছি। পৃথিবী আমাকে পেছনে ফেলে কতোটাই এগিয়ে গেছে। বার বার আমি সময়ের কাছে হেরে যাই। আজকাল মেয়ের চোখের দিকে তাকিয়ে মনে হয়, হয়ত সময় এসেছে এখন সামনে এগোবার। আমার গায়ে লাগুক বা না লাগুক, বেলা তটে অনেক ঢেউ আছরে পরেছে ...

স্কুলে নতুন বছর শুরু হয়েছে সবে। বিশ্বকাপ ফুটবলের সমর্থক সমক মেঘের উদ্যম উদ্দীপনার শেষ নেই। কর্পোরেট অফিসারদের মত, ঠিক করে নাস্তা খেয়ে ওপরে এসে দাঁত ব্রাশ করে স্কুলে যায়, বাড়ি ফিরে হোম ওয়ার্ক করে, টিফিন গুছিয়ে নেয় আর বার বার ট্রাম্পের গলায় আমাকে আশ্বস্ত করে, এ বছর আমি সব ঠিক করে করবো মা, দেখো। আমি রুটিন ভাঙতে চাই না।

আমিও হিলারি গলায় উৎসাহ দিয়ে বলি, আমি জানি তুমি পারবে, নিশ্চয় পারবে, সে বিশ্বাস আমার আছে। কঠিন কিছু তো নয়, সবাই পারছে, কেনো তুমি পারবে না।

মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার মা মুচকি হাসে ... আমিও তোর মত বয়সে মা, নতুন স্কুল বছরে ঠিক এই ভেবেছি, করেছিও বছরের প্রথম কয়েক মাস। তারপর এই মনোটোনাস রুটিন, দিনের পর দিন পড়া মুখস্থ, বাড়ির কাজ, পরীক্ষা, পাশ, ফেল, টিফিন নেয়া সব মিলিয়ে ক্লান্ত করে ছেড়ে দিতো। আস্তে আস্তে আজ করবো তো কাল, কাল করবো তো পরশু, ফাঁকি দেয়া, মিথ্যে বলা, সব কিছু মিলিয়ে ডাব্বা দিয়েই স্কুল ইয়ার শেষ হতো।


যদিও ইতিহাস পরিবর্তন হয় না, খুব কম মানুষই তা পারে তবুও তোর জন্যে সেরাটাই কামনা করছি .........।।

12-09-2016

Saturday, 3 September 2016

মীর কাছিম বৃত্তান্ত

খুব ছোট বেলায় আমাদের একটা গান শোনার যন্ত্র ছিলো, সেটাকে চেঞ্জার বলা হতো। কেন তার নাম চেঞ্জার, সেটা অবশ্য আমি জানি না। ছোট আব্বুর জিনিস ছিলো, বাচ্চাদের হাত দেয়া মানা। টেবলের ওপর থাকতো, তার পাশ দিয়েও সাবধানে হাঁটতে হতো। সেটাতে কুকুরের মুখ দেয়া হিজ মার্স্টাস ভয়েসের কালো থালার মত রেকর্ড বাজতো, ফিতে ঘুরানো ক্যাসেট বাজতো আর রেডিও। সেই ফিতে তে একজন হেঁড়ে গলার মানুষ থাকতো যার নাম ভানু ব্যানার্জি ... তার চিৎকার দেয়া নাটক-কৌতুক বাড়ি শুদ্ধ সবাই শুনতো, হাসতো, আবার তা নিয়ে এক একজনকে খোঁচা দিয়ে ঝগড়ায় জড়িয়ে পরতো। যদিও সে বয়সে আমরা ওসব কৌতুকের বেশীর ভাগই বুঝতাম না। দেখতাম, আমার মা এই  ভদ্রলোকের গলা সহ্যই করতে পারতেন না।

যা হোক, ধান বানতে শিবের গীত অনেক গাওয়া হলো। আজ মীর কাছিম চাচ্চুর ফাঁসি উপলক্ষ্যে মিডিয়া বিরাট সরগরম। কারণ শুধু ফাঁসি নয়, লবিং বাবৎ তার খরচ করা অর্থের পরিমান। যদিও পারেনি অর্থ, সামর্থ্য, ধর্ম কিছুই তাকে বাঁচাতে। অবস্থা দেখে বহু দিন আগের শোনা একটি কৌতুক মনে পরল যার আজকের ভার্সনটা হয়ত এ রকম হবে

মীর কাছিমের ছেলে ডেভিড বার্গম্যানের কাছে যেয়ে কেঁদে পরে, হাই কোর্টে তো বাবার ফাঁসির রায় হইয়া গেলো, এখন আমাদের কী হইবে এ এ এ এ এ
ডেভিড বার্গম্যান মীর কাছিমের ছেলেকে বলছে, তোর বাপেরে গিয়া ঝুইল্যা পরতে ক, আমি তো আছিইইই

কইরে খোকন আমার পাদুকা দুইটা দে  ......... ইট্টু লন্ডন ঘুইরা আসি ......

Sunday, 7 August 2016

মানুষ মানুষের জন্যে ২

মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আইজিপি সহ অনেক মান্যবর ব্যক্তিত্বই সমানে মানব জীবনে ধর্মীয় শিক্ষার অপার গুরুত্বের ওপর জোর দিয়ে যাচ্ছেন আজকাল বলে যাচ্ছেন, ধর্মীয় শিক্ষা ছাড়াকোন শিক্ষা পূর্নাংগতা পায় না তারা কোন দেশের শিক্ষা ব্যবস্থাকে পূর্নাংগ ধরে এই সিদ্ধান্তে আসলেন জানতে ইচ্ছে করে

সেন্ট্রাল ইউরোপ, মূল ইউরোপের ধনী শ্রেণি এদিকের বেশীর ভাগ মানুষই ধর্মহীন এখানে কোন স্কুলে, চার্চে ধর্ম শিক্ষা দেয়া হয় না। ক্রিসমাস, ইস্টারেও কেউ সাধারণতঃ চার্চে যায় না। অথচ, ইউরোকে মান ধরলে ডলারকে পেছনে ফেলে দিয়ে চলছে এরা অনেকটা সময় ধরে। এরা নিজেরা তো ভাল আছেই, মারা যাবে জেনেও সমানে শরনার্থীদের সাহায্য দেয়া থেকে শুরু করে এমন কোন মানব হিতকর কাজ নেই যাতে এরা পিছিয়ে আছে। তাহলে কী ধরে নেবো অপূর্নাংগ শিক্ষা ব্যবস্থা থেকেই এই মানবিকতা, কর্ম দক্ষতা, পরোপোকারীতা’র মত মহৎ গুন গুলো উঠে আসছে। পূর্নাংগ শিক্ষা ব্যবস্থা তাহলে স্বার্থপরতা শেখায়? দরকার হলে নিজে মরে ও অন্যকে মেরে দাও তাহলে পরকালে তোমার অনন্ত জীবনের ইন্স্যুরেন্স হয়ে গেলো!

নেদারল্যান্ডসে প্রাইমারী স্কুলে বাচ্চাদের গার্জিয়ানদের নিয়ে কমিটি থাকে যারা স্কুলের সাথে মিলে বাচ্চাদের ক্যাম্পিং, কার্নিভাল, ক্রিসমাস পার্টি এগুলোর আয়োজন করে থাকে। ক্রিসমাস উপলক্ষ্যে কোন প্রার্থণা বা ধর্মীয় উৎসব থাকে না স্কুলে। শুধুমাত্র স্কুল সাজানো হয়, যার মধ্যে আলোকসজ্জাটাই থাকে প্রধা আর সাথে ক্রিসমাস ট্রীনভেম্বর – ডিসেম্বরে এখানে এত্তো ঘুটঘটি অন্ধকার যে আলোকসজ্জাটাই এখানের প্রাণ থাকে। ক্রিসমাস পার্টির আয়োজন উপলক্ষ্যে বাচ্চারা নানা ধরনের হাতের জিনিস বানায়, যেমন, ক্যান্ডেল স্ট্যান্ড পেইন্ট করে কিংবা মাগে আঁকে, ওয়াল হ্যাঙ্গিং জাতীয় কিছু বানায়। 

এগুলো ক্রিসমাস ফেয়ারে তারা বিক্রি করবে তাদেরই বাবা মায়ের কাছে। প্রত্যেকটি প্রাইমারি স্কুলে দেখা যায় প্রায় আড়াইশো থেকে তিনশো ছাত্র ছাত্রী থাকে। ক্রিসমাস ফেয়ারে প্রায় প্রতিটি পরিবার তিন থেকে পাঁচ টাকা স্কুলে খরচ করে, দেখা যায় হাজার ইউরোর মত টাকা উঠে যায়। আর সেই টাকা দান করা হয়, আফগানিস্তান, বাংলাদেশ, সিরিয়া, কেনিয়া, মাদাগাস্কার বা অন্য কোন দেশে। পুরো স্কুলের বাচ্চারা গর্ব নিয়ে হাসি হাসি মুখে সবাইকে জানায় এতো টাকা আমরা ওদেরকে সাহায্য পাঠিয়েছি, আমাদের অনেক আছে, ওদের দরকার। জানি না এই শিক্ষা পূর্নাংগ কীনা। পরের কারণে স্বার্থ দেয়ার এই শিক্ষা তারা চার বছর থেকে অনুশীলন করে ...


বাংলাদেশে যারা সারাক্ষণ ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে যায়, আশ্চর্যজনক হলেও সত্যি, তাদের ছেলে মেয়ে পড়ে বিদেশের কনভেন্টে। বিয়ে করে বিদেশী, বাস করে বিদেশে। জানতে ইচ্ছে করে, অন্যদের ছেলেমেয়েদের জন্যে যা প্রয়োজনীয় ভেবে দিনরাত উপদেশ দিয়ে যায়, তারা নিজেদের ঘরের ব্যাপারে কী করে এতো উদাসীন থাকে? তাহলে কী তারা যা বলে তাতে নিজেরাই বিশ্বাস করে না? গরীব, অশিক্ষিত ভোট ব্যাঙ্ক জনগনের জন্যে এক ব্যবস্থা আর নিজেদের জন্যে অন্য রকম?